বিনোদন

কেটি পেরির বুকে সানস্ক্রিন মাখালেন ট্রুডো, ভাইরাল হলো ঘনিষ্ঠ ছবি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ · রাত ১০:১০ · ১৫১ ভিউ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা ক্যাটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দক্ষিণ ফ্রান্সে একসঙ্গে অবকাশযাপনের নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নৌভ্রমণের সময় দুজনের আন্তরিক মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পর সেসব ছবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ডেইলি এক্সপ্রেস ইউএসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে বেরিয়েছিলেন এই তারকা জুটি। সে সময় ক্যাটি পেরিকে রোদ থেকে সুরক্ষিত রাখতে তার শরীরে সানস্ক্রিন মাখিয়ে দিতে দেখা যায় জাস্টিন ট্রুডোকে। নৌকায় বসে দুজনকে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ সময় কাটাতে, একসঙ্গে ছবি তুলতে এবং আলাপচারিতায় মগ্ন থাকতে দেখা গেছে।

সেদিন ক্যাটি পেরির পরনে ছিল হালকা নীলাভ-সবুজ রঙের পোশাক। এর সঙ্গে তিনি পরেছিলেন ক্যাট-আই সানগ্লাস, সোনালি কানের দুল ও স্যান্ডেল। অন্যদিকে ট্রুডোকে দেখা যায় জলপাই রঙের শার্ট, খয়েরি প্যান্ট ও আরামদায়ক জুতা পরিহিত অবস্থায়।

এই অবকাশযাপনকে অনেকেই তাদের সম্পর্কের এক বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে কানাডার মন্ট্রিয়ালে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। একই বছরের ডিসেম্বরে জাপানের টোকিও সফরের ছবি প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন ক্যাটি পেরি। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে একাধিকবার একসঙ্গে উপস্থিত হয়েছেন তারা।

গত মাসে নিউইয়র্কের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে ক্যাটি পেরির কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘ক্যাটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর, লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ারেও একসঙ্গে অংশ নেন তারা। সেই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ট্রুডোকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ বলে উল্লেখ করেন পেরি। তিনি বলেন, জীবনের প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ এনে দেয় এবং এই সম্পর্ক তাকে আরও স্থির ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।

পেরি আরও জানান, ২০২৫ সালে দীর্ঘ সময় ধরে চলা তার ‘লাইফটাইমস ট্যুর’ শেষ করার পর তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ অনুভব করছেন। তার ভাষায়, জীবনের বিশেষ একজন মানুষের উপস্থিতি তাকে মানসিকভাবে দৃঢ় ভিত্তি দিয়েছে এবং সেটি তার ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

অন্যদিকে, ট্রুডো বর্তমানে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্বে নেই। দায়িত্ব ছাড়ার পর ব্যক্তিগত জীবন নিয়ে আগের তুলনায় বেশি সময় দিচ্ছেন তিনি। ক্যাটি পেরির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বিনোদনমাধ্যমে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হলেও এ বিষয়ে দুজনই খুব সীমিত মন্তব্য করেছেন।

দক্ষিণ ফ্রান্সে তাদের সাম্প্রতিক নৌভ্রমণের ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তদের একাংশ তাদের নতুন ছবিকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও, অনেকেই তারকা এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য করছেন।

সম্পর্কিত সংবাদ