হবিগঞ্জ

প্রবাসীর স্ত্রীর সাথে যুবদল নেতার পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ · রাত ১২:০২ · ১৯৮ ভিউ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের এক নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম, প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ এবং ওই প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল জলিল শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন প্রবাসী মো. আব্দুল মান্নানের ভাবি নাছিমা আক্তার।

সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার বলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম এলাকার বাসিন্দা আব্দুল মান্নান দীর্ঘ ৪ বছর দুবাইয়ে হাড়ভাঙা খাটুনি করে প্রায় ৩০ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার স্ত্রী রিপা আক্তারের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু রিপা আক্তার যুবদল নেতা আব্দুল জলিলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হন এবং ওই টাকা ও স্বর্ণালংকার জলিলের যোগসাজশে আত্মসাৎ করেন।

স্ত্রীর পরকীয়া ও অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পেরে গত ১১ ফেব্রুয়ারি আব্দুল মান্নান নোটারি পাবলিকের মাধ্যমে রিপা আক্তারকে আইনগতভাবে তালাক প্রদান করেন। তবে টাকা ও সম্পদ হারিয়ে মান্নান এখন পুরোপুরি নিঃস্ব। দুবাই ফেরত এই প্রবাসী বর্তমানে জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর সহকারীর কাজ করছেন।

নাছিমা আক্তার অভিযোগ করেন, তালাকের পর থেকে যুবদল নেতা আব্দুল জলিল ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তিনি ও তাঁর লোকজন মান্নানের পরিবারের ওপর দুইবার হামলা চালিয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। বর্তমানে আব্দুল জলিলের ভয়ে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার প্রশাসনের কাছে এই পরকীয়া চক্রের হাত থেকে বাঁচতে এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে আব্দুল জলিলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি এবং তিনি কোনো বক্তব্য প্রদান করেননি।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবারটি দ্রুত ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

সম্পর্কিত সংবাদ