খেলাধুলা

হৃদয়ভাঙা হারের পর মেসিকে ছাড়াই দেশে ফিরলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ · ৬:৫৫ পিএম · ১৮১ ভিউ

অনুমিতভাবেই ২০২২ সালের সেই বাঁধভাঙা উল্লাস আর লাখ লাখ মানুষের রাজপথ দখলের চিত্র এবার দেখা যায়নি আর্জেন্টিনায়। চার বছর পর বুয়েনস আইরেসের বাতাসে কেবলই এক বিষাদময় নীরবতা। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ব্যাক-টু-ব্যাক শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আলবিসেলেস্তেদের। সেই হৃদয়ভঙ্গের বেদনা নিয়ে, অধিনায়ক লিওনেল মেসি ও কয়েকজন সিনিয়র ফুটবলারকে ছাড়াই দেশে ফিরেছে রানার্সআপরা।

সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করে, বেশ কয়েকজন ফুটবলার একই ফ্লাইটে দেশে ফেরেননি। স্থানীয় টেলিভিশনে প্রচারিত লাইভে বিমান থেকে অন্যান্যদের নামতে দেখা গেলেও সেখানে অনুপস্থিত ছিলেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি।

তবে বিমানবন্দর থেকে নেমে খালি হাতে ফিরতে হয়নি কোচ লিওনেল স্কালোনি ও বাকি ফুটবলারদের। রানার্সআপ দলকে লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এছাড়া এজাইজা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রবল বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে শত শত সমর্থক জড়ো হন প্রিয় তারকাদের এক নজর দেখতে ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে।

ফাইনালে স্পেনের বিপক্ষে অনেক ফাউল ও অসদাচরণের জন্য দল সমালোচনার মুখে পড়লেও সমর্থকদের ভালোবাসা কমেনি। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে ৩৬ বছর বয়সী সমর্থক মার্গা লেদেজমা আবেগপ্লুত হয়ে বলেন, ‘আর্জেন্টাইনরা যেকোনো অবস্থাতেই উদযাপন করতে জানে। মেসি আমাদের বছরের পর বছর যে আনন্দ দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আমি শুধু বলবো, তিনি যেন এখনই জাতীয় দল থেকে অবসর না নেন।’

এদিকে ইএসপিএন জানিয়েছে, ইন্টার মায়ামির হয়ে অন্তত দুটি ম্যাচে খেলবেন না মেসি ও রদ্রিগো ডি পল। মেজর লীগ সকার (এমএলএস) অল-স্টারস ম্যাচের জন্য নির্বাচিত হলেও, আগামী ২৯শে জুলাই লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে নামবেন না তারা। এমএলএস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত বছর ম্যাচটি না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন মেসি। এবার ফ্লোরিডার ক্লাবটির পক্ষ থেকে আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে, মেসিরা ম্যাচটিতে খেলতে পারবেন না।

রোববার রাতে বুয়েনস আইরেসের ওবেলিস্কে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে আতশবাজি ফুটিয়ে দলকে ধন্যবাদ জানায়। তবে গভীর রাতে আনন্দ উদযাপনের মাঝেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ১৫ জনকে আটকও করা হয়।

সম্পর্কিত সংবাদ