সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তিনি উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বাগান এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে. বি. এম. ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোহাম্মদ রুমেন এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে সংসদ সদস্য সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বনভূমির বর্তমান অবস্থা, বৃক্ষরোপণ কার্যক্রম, বাগান রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ, দখল এবং বনজ সম্পদ ধ্বংসের বিষয়েও আলোচনা করেন।
এ সময় তিনি সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বনভূমির সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে বনজ সম্পদ ও পরিবেশ সুরক্ষিত থাকে।”
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বনভূমি দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করবে। বন বিভাগ, থানা পুলিশ এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সংরক্ষিত বনভূমিতে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সংরক্ষিত বনভূমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে সংরক্ষিত বনভূমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ নিশ্চিত হবে।
