সুনামগঞ্জ

ছাতকে চোরাই মোটর বিক্রির সময় অভিযান, নৌকাসহ আটক ৪ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২০ জুলাই ২০২৬ · ৯:০১ পিএম · ১৯০ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলার রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৬টি মোটর, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার এবং চারজনকে আটক করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া মোটরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার রেলওয়ে কলোনী সংলগ্ন সুরমা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রমজান মিয়ার ভাঙারির দোকান থেকে চোরাই ৬টি মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের ছড়ারপাড় এলাকার তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) এবং বাগবাড়ি এলাকার রমজান মিয়া (৪০)।

প্রাথমিক তদন্তে নৌ পুলিশ জানতে পারে, গত ১৩ জুলাই সন্ধ্যা থেকে ১৪ জুলাই সকাল পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া এলাকার কাটাগাং নদীর তীরে অবস্থিত একটি বালুর স্টক থেকে মোটরগুলো চুরি করা হয়। পরে বিক্রির উদ্দেশ্যে সেগুলো ছাতকের রেলওয়ে কলোনীতে রমজান মিয়ার ভাঙারির দোকানে এনে রাখা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার সুরমা ও পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন ক্রাশার মিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

সম্পর্কিত সংবাদ