গণমাধ্যম

সিলেটে সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ · ১২:৫৯ এএম · ৩৯২ ভিউ

পেশাগত দায়িত্ব পালনকালে চুরির ঘটনার ভিডিও ধারণ ও তা গণমাধ্যমে প্রকাশ করায় সিলেটের এক সংবাদকর্মীকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এমাদ উদ্দিন এনাম। তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘একুশে সিলেট’-এ কর্মরত আছেন।

জিডি সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংবাদিক এমাদ উদ্দিন এনাম শাহপরাণ থানাধীন শ্যামলী আবাসিক এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাইফুল আলমকে (২৩) চুরি হওয়া মালামালসহ হাতেনাতে ধরে একটি ভিডিও ধারণ করেন স্থানীয় জনতা। জনস্বার্থে ভিডিওটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে বিবাদী সাইফুল তার ওপর চরম ক্ষিপ্ত হয়।

এরই ধারাবাহিকতায়, ১২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত সাইফুল আলম এবং তার ভাই খায়রুল আলম (২৬) হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিক এনামের মোবাইল নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তারা ফেসবুকে প্রকাশিত চুরির ভিডিওটি অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেয়। ভিডিও না মুছলে সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত দুই ভাই জকিগঞ্জ থানার ছালেকপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তারা বর্তমানে শাহপরাণ থানার শিবগঞ্জ মজুমদারপাড়ার একটি কলোনিতে বসবাস করছেন।

ভুক্তভোগী সাংবাদিক এমাদ উদ্দিন এনাম বলেন, বিবাদীদ্বয়ের সন্ত্রাসী ও উচ্ছৃঙ্খল আচরণের কারণে আমি বর্তমানে সিলেট শহর এবং জকিগঞ্জের স্থায়ী ঠিকানায় বসবাসরত আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছি। যেকোনো সময় তারা বড় ধরনের হামলা বা ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।

এ বিষয়ে সোমবার (১৩ জুলাই) শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৬২৭) অন্তর্ভুক্ত করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়েছেন। তিনি ডিউটি অফিসার ও এএসআই মো. সোহেল হোসেনকে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ