চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে ‘ছাত্রসমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকাসহ বন্যাকবলিত অঞ্চলে ভয়াবহ দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, চলতি এইচএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি রয়েছে। তাদের ভাষ্য, এসব বিষয় শিক্ষার্থীদের মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
আন্দোলনকারীরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করায় শিক্ষামন্ত্রীকে এর দায় নিতে হবে। অবিলম্বে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য দেন এইচএসসি পরীক্ষার্থী আদনান ফুয়াদ নাবিল, আমিনুর রহমান পরান, জামিল আহমদ নাঈম, আবদুর রহমান পায়েল, আহসান হাবীব আরাফাত, আব্দুল্লাহ নাঈম, আহসান হাবীব, মারুফ বিল্লাহ, রায়হান, সাকিব, মাসুম ও নিয়ন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের এসব দাবি ও অভিযোগ তাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
