খেলাধুলা

মিশর ম্যাচের আগে বড় বিড়ম্বনার মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ · ৫:২৬ এএম · ১৬৪ ভিউ

বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের সেই নকআউট লড়াই শুরু হওয়ার আগেই বড় ধরনের অনাকাঙ্ক্ষিত বাধা ও ফ্লাইট বিভ্রাটের মুখে পড়তে হলো লিওনেল মেসিদের। ম্যাচ ভেন্যু আটলান্টায় পৌঁছানোর আগেই এই ভ্রমণ জটিলতায় বিড়ম্বনায় পড়েছে পুরো আলবিসেলেস্তে শিবির।

মায়ামি থেকে আটলান্টার আকাশপথের দূরত্ব মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আর্জেন্টিনা সময় রাত ৮টা ১৫ মিনিটে বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু আটলান্টার বৈরি আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে উড্ডয়ন বিলম্বিত হয়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিটেরও বেশি সময় দেরিতে মেসি-আলভারেজদের বহনকারী বিশেষ বিমানটি ডানা মেলে।

এমনিতেই বিশ্বকাপের ঠাসা সূচির কারণে চরম ব্যস্ততায় কাটছে ফুটবলারদের দিন, তার ওপর এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব আর্জেন্টিনার খেলোয়াড়দের স্বাভাবিক বিশ্রামে বেশ কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। বিমানবন্দর থেকে আধ ঘণ্টার বাস জার্নি শেষে যখন খেলোয়াড়েরা আটলান্টার টিম হোটেলে পৌঁছান, স্থানীয় ঘড়িতে তখন মাঝরাত ছুঁইছুঁই। দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে হোটেলে ঢোকার সময় ফুটবলারদের চোখেমুখে ধকলের ছাপ স্পষ্ট দেখা গেছে।

 

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির পূর্বপরিকল্পনায় এই বিলম্বের সরাসরি প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত ম্যাচের আগে সূচি ধরে কাজ করতে পছন্দ করা কোচিং স্টাফরা সোমবার সকাল সাড়ে ১১টায় দলের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন সেশন রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের কথা মাথায় রেখে শেষ মুহূর্তে এই সূচিতে বদল আসতে পারে।

মাঝরাতে হোটেলে পৌঁছানো ফুটবলারদের পেশির সতেজতা ধরে রাখতে এবং ধকল কাটাতে সকালের মাঠের অনুশীলন বাদ দিয়ে তাদের বিশ্রামের সময় আরও বাড়ানো হতে পারে বলে আভাস পাওয়া গেছে। মিশরের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে এই ক্লান্তি আর্জেন্টিনার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে চিন্তায় সমর্থকেরা।

সম্পর্কিত সংবাদ