একুশে সিলেট ডেস্ক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে এই ম্যাচের দিকে, যার মধ্য দিয়ে শুরু হবে এক মাসব্যাপী বিশ্ব ফুটবলের মহারণ।
এবারের বিশ্বকাপকে ঘিরে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান। তিনটি পৃথক ভেন্যুতে দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। আজ রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটিতে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ১২ জুন কানাডা এবং ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে থাকবে বিশেষ আয়োজন।
২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতে ইতিহাস গড়েছিল। এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ৩৮ বছর বয়সে তিনি কি দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে পারবেন—এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। একইভাবে আলোচনায় আছেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনসহ বিশ্ব ফুটবলের অন্যান্য তারকারা।
বিশ্বকাপ শুরুর আগেই নানা বিতর্ক ও আলোচনা সামনে এসেছে। বিশেষ করে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ২০২২ বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য যেখানে ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার, সেখানে ২০২৬ আসরের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম পৌঁছেছে ৩২ হাজার ৯৭০ ডলারে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে।
এছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশের মধ্যে চলমান উত্তেজনাও বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত করছে। বিশেষ করে ইরানকে ঘিরে ভিসা জটিলতা ও নিরাপত্তা ইস্যু আলোচনায় রয়েছে।
এবারের বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। ফলে প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ। নকআউট পর্বে জায়গা পাবে ৩২টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে মেক্সিকো সিটি প্রশাসনও নিয়েছে বিশেষ প্রস্তুতি। সম্ভাব্য যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের একটি বড় অংশকে বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কোটি কোটি সমর্থকের প্রত্যাশা, উত্তেজনা এবং আবেগকে সঙ্গে নিয়ে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ।
Leave a Reply