একুশে সিলেট ডেস্ক:
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন— জামালগঞ্জ সদর উপজেলার চানপুর (গজারিয়া হাটি) গ্রামের আমির আলীর ছেলে নূর জামাল (২৫), ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে হবিবুর রহমান (২২), একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৪), দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৩) এবং তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালাম (২৮)।
আহতদের মধ্যে রয়েছেন সরস্বতীপুর গ্রামের জয়নাল হক (৪০), শিখা মনি (২৫), তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের নূর মোহাম্মদ (২৪) এবং জামালগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ধান কাটার কাজ করতে গিয়ে নূর জামাল, হবিবুর রহমান ও লিটন মিয়া বজ্রপাতে নিহত হন। এছাড়া বাড়িতে কাজ করার সময় রহমত উল্লাহ এবং হাঁসের খামারে কর্মরত অবস্থায় আবুল কালাম বজ্রপাতে প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রশান্ত দাস তালুকদার লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে এবং মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, নিহত আবুল কালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলীও বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রশাসন সবাইকে ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে কাজ না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
Leave a Reply