কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্ষেতের জমির পানিতে খেলতে গিয়ে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আশপাশের কৃষিজমি পানিতে টইটুম্বুর হয়ে পড়ে। ঝড়-বৃষ্টি থামার পর দুপুর দেড়টার দিকে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশের জমিতে জমে থাকা পানিতে খেলতে নামে।
খেলার একপর্যায়ে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে পড়ে এবং হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। এসময় এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রবির বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।
এ মর্মান্তিক ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply