সুনামগঞ্জ

সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ · রাত ৯:৪৯ · ১৫৫ ভিউ

দিরাই প্রতিনিধি:
দিরাই-এর জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি সাজ্জাদ মিয়া (৪৫), হুসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক সাজ্জাদ মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করেন দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল মিয়া। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে থানায় নেওয়ার সময় বাড়ির সামনের সড়কে একদল স্বজন পুলিশের ওপর হামলা চালিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ সাজ্জাদকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে উদ্যোগ নেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া। তার মধ্যস্থতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়েছে।

এসআই হেলাল মিয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে থানায় নেওয়ার পথে সংঘবদ্ধভাবে বাধা সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ