ছাতক প্রতিনধি
সুনামগঞ্জের ছাতকে নৌ পুলিশের অভিযানে নৌকা ভর্তি ভারতীয় কাপড়ের চালানসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার সকালে পিয়াইন নদী থেকে মালামালসহ যুবককে আটক করা হয়। এ ঘটনায় ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো সুরমা ও পিয়াইন নদীতে টহলে যায় সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানসহ ছাতক নৌ পুলিশের একটি টিম। উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেষপুর সংলগ্ন পিয়াইন নদীর পশ্চিম পাড়ে বরকতিয়া ক্রাশার মিল এলাকায় ইঞ্জিন চালিত একটি কাটের নৌকা তারা আটক করে। এসময় পুলিশ দেখে নৌকা থেকে কারবারিসহ দুইজন নদীতে সাঁতার কেটে পালিয়ে গেলেও হুসাইন আহমদ (১৯) নামের এক যুবককে পুলিশ আটক করতে সক্ষম হয়। হুসাইন উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে ও নৌকার শ্রমিক। এদিকে, আটককৃত নৌকা থেকে ২৪ বস্তায় ১৬৮০ পিছ ভারতীয় শীতের শাল, ৮ বস্তায় ৪৭৯ পিছ ভারতীয় শাড়ী, ৩ বস্তায় ১১৮ পিছ থ্রীপিছ, ৩টি মোবাইলসহ ইঞ্চিন চালিত একটি কাটের নৌকা জব্দ করে পুলিশ। জব্দকৃত নৌকাসহ মালামালের বাজার মূল্য ২৪ লাখ ৩৮হাজার ৭শত টাকা।
ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাদি হয়ে আটককৃতকে গ্রেফতার দেখিয়ে তিনজনের নামে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। নদী পথে চোরা চালানসহ কারবারিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply