সুনামগঞ্জ

অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় সুনামগঞ্জে কঠোর অবস্থানে বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:৩৩ · ১৭০ ভিউ

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সর্বাধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের সমন্বয়ে সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাদের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

বিজিবি সূত্র জানায়, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার এলাকায় অবস্থিত ১৯টি সীমান্ত ফাঁড়ির (বিওপি) মাধ্যমে দিন-রাত নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি অতিরিক্ত জনবল মোতায়েন এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নজরদারি বাড়াতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ডিভাইস এবং অত্যাধুনিক থার্মাল ড্রোন। এছাড়া নদী, হাওর, পাহাড় ও দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত চলাচলের জন্য বিশেষ নৌযান ও অল-টেরিন ভেহিক্যাল (এটিভি) ব্যবহার করে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এ সময়ে ৮১ জন আসামিসহ ৮টি আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়া ১৮০ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও ‘পুশ-ইন’-এর চেষ্টাকালে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

সীমান্ত অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান করছে বিজিবি। একই সঙ্গে সীমান্তবর্তী বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে স্থানীয় জনগণও সন্দেহভাজন যেকোনো কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সার্বিক সহযোগিতা করছেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবির এই সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ