সিলেট

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · রাত ৯:৪৩ · ১৫৩ ভিউ

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার বরম সিদ্দিকীপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোক্তার হোসেন (২৮)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্দিকীপুর গ্রামের মো. মশাহিদ আহমদের ছেলে।

এসআরবি সূত্র জানায়, এসআরবি-৯ সিলেটের একটি চৌকস দল কোম্পানীগঞ্জের শান্তির বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বরম সিদ্দিকীপুর এলাকার মোক্তার হোসেনের বসতবাড়িতে জাল নোটের বড় একটি লেনদেন চলছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সোয়া ২টার দিকে ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায় বাহিনীটি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে মোক্তার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে মোক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর শয়নকক্ষের খাটের তোশকের নিচে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ১ হাজার টাকা মূল্যমানের ৯৪টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৯৫টি জাল নোট জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৮৯টি জাল নোটের আর্থিক মূল্য ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

এছাড়া আটক আসামির সঙ্গে থাকা দুটি স্মার্টফোন জব্দ করে পরীক্ষা করা হলে অনলাইন জুয়ার বিভিন্ন নিষিদ্ধ অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ এবং নিয়মিত আর্থিক লেনদেনের সুস্পষ্ট প্রমাণ মেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তার স্বীকার করেছেন, তিনি এবং তাঁর পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে রাতারাতি ধনী হওয়ার লোভে জাল টাকার লেনদেন এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ডিজিটাল জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত জাল টাকা ও স্মার্টফোনসহ গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সম্পর্কিত সংবাদ