সিলেট

ডিজিটাল সন্ত্রাসের শিকার গোয়াইনঘাটের এসআই ফাত্তাহ!

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · রাত ১০:৩৫ · ২৫০ ভিউ

সিলেটের গোয়াইনঘাট থানায় কর্মরত বিট অফিসার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর বিরুদ্ধে সড়ক অবরোধ নিরসনের একটি ভিডিও বিকৃত করে ‘টোকেন বাণিজ্য’ ও চাঁদাবাজির অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও তথ্য-প্রমাণের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই প্রকৃত সত্য সামনে আসায় গুজবকারীদের ষড়যন্ত্র ভেস্তে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ তারিখ বিকেলে গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নের বেকা ব্রিজ সংলগ্ন গোছড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। এর জেরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই ফাত্তাহ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন এবং স্থানীয়দের সহযোগিতায় সড়ক অবরোধমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করেন।

কিন্তু কয়েকটি কথিত ফেসবুক আইডি ও ফেসবুক পেজ থেকে সেই ভিডিওর নিচে ‘জয়ন্তী পান সুপারি আড়ত’-এর কিছু স্লিপ জুড়ে দিয়ে দাবি করা হয়—টোকেন বাণিজ্যে চোরাই পণ্যের গাড়ি ছাড়ার অভিযোগে এসআই ফাত্তাহকে ঘিরে রেখেছে উত্তেজিত স্থানীয়রা। একই সঙ্গে আরও কিছু কথিত ফেসবুক আইডি ও ভুঁইফোড় পেজ থেকে পশ্চিম জাফলংয়ে চোরাচালান ও চাঁদাবাজি নিয়ে ভিত্তিহীন সংবাদ ছড়ানো হয়। সচেতন মহলের মতে, সম্প্রতি গরু উদ্ধার ও আলোচিত ‘রঞ্জিত কাণ্ড’-সহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে আপসহীন ভূমিকা রাখায় একটি কুচক্রী মহল তার মনোবল ভাঙতে এই ডিজিটাল অপপ্রচারে নেমেছে।

ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শী এম ডি ইমরান আহমেদ, মহিবুর রহমান, আমিনুল ইসলাম, জুবায়ের আহমদ সাব্বির, এম এস সিদ্দিকী ও জুবায়ের আনজুম নিশ্চিত করেন, ভিডিওটি দুর্ঘটনাস্থলের যানজট নিরসনের। অন্যদিকে মামুনুর রশিদ মামুন ও লুকমান আহমদ ব্যক্তিগত আক্রোশ বা অসৎ উদ্দেশ্যে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার তীব্র নিন্দা জানান।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার বিট অফিসার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী জানান, ‘গত ১০ তারিখ বিকেলে আলীরগাঁও ইউনিয়নের বেকা ব্রিজ সংলগ্ন গোছড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও খালি ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই আরেকজন মারা যান। নিহত দুজনই ডিআই গাড়ির চালক এবং তারা একই গ্রামের বাসিন্দা ও নিকটাত্মীয় ছিলেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ করে রাস্তা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমার নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এই অবরোধের ভিডিও ব্যবহার করেই কে বা কারা অপপ্রচার চালাচ্ছে।’

এ প্রসঙ্গে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ‘বিষয়টি আমি দেখেছি। সোশ্যাল মিডিয়ায় একটি সড়ক দুর্ঘটনার ভিডিও ব্যবহার করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট এসব আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’

সম্পর্কিত সংবাদ