পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। এরপরও কেউ ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও থাকতে পারে, তারা এ সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকে সতর্ক করেছিলাম, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তারা কাজ করে, নিজেদের জনসেবায় নিয়োজিত রাখে। তার মধ্যেও কিছু কিছু এ রকম চরিত্রগত কারণে কোনো অফিসার বা সদস্য থাকতে পারে, সেটা আমাদের কঠোর নজরদারিতে আছে। যে যেখানে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘এখন আসিব আসিব বলিয়া কতদিন পার হবে…কোনদিন…একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ, এগুলোতে আমাদের মনোযোগ নাই, আমরা সবসময় সতর্ক আছি।’
সরকার কোনো চাপ অনুভব করছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কীসের চাপ?’
তিনি বলেন, এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল, যার সঙ্গে প্রকৃত শ্রমিকেরা জড়িত নন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মজুরি কমিশনের ন্যূনতম মজুরি বোর্ড মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত মজুরি ঘোষণা করেছে। বোর্ডের সদস্যরাও এতে স্বাক্ষর করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে এর কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না বলে মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে দলটির পতন হয়েছে এবং এর নেতারা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা চালিয়ে যেসব অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী ও অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জার্মানির নাৎসি বাহিনীর মতো ইতিহাসে এমন আরও ঘটনার নজির রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমি মহান জাতীয় সংসদেও বলেছি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।’
তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর কেউ কেউ দেশে ফেরার চেষ্টা করতে পারে—এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি দেখার আছে। তার দাবি, সীমান্তের ওপারে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা ঘোরাফেরা করছেন এবং দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাদের কাছে নির্দেশনা পাঠাচ্ছেন।
তিনি বলেন, এসব নেতার পক্ষ থেকে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির কথা বলা হচ্ছে। তবে দেশের মানুষ এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেবে না বলে মনে করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে সজাগ রয়েছে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করছে। আগামী দিনেও সম্ভাব্য কর্মসূচির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে বিভিন্ন অপচেষ্টা মোকাবিলা করেছে। এতে কোনো প্রাণহানি বা সহিংসতার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞের মাধ্যমে আগের কর্মকাণ্ড পুনরায় শুরু করার চেষ্টা করছে পতিত আওয়ামী শক্তি।
ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ উগ্রবাদী তৎপরতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও কিংবা জনগণের সম্পদ ও জীবনের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তদন্ত পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই তদন্ত চলছে এবং সম্ভবত শেষ পর্যায়ে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদে ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে জড়িত থাকার ক্ষেত্রে বিচারের বিধান রয়েছে। তদন্ত শেষ হলে অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর বিচারিক প্রক্রিয়ায় আদালত যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
