সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাত্র চার-পাঁচ মিনিট স্থায়ী মিছিলটি দ্রুত শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছবাড়ি বাজারের আনারকলি কমিউনিটি সেন্টারে সাবেক ছাত্রলীগ নেতা হামজা হেলালের মেয়ের ও ভাতিজার আকিকা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার খাওয়ার পর গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী এবং তাদের সঙ্গে থাকা অন্যরা কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আকস্মিকভাবে মিছিল বের করেন বলে জানা গেছে।
মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত গাছবাড়ি বাজারে পৌঁছে মিছিলকারীদের খোঁজাখুঁজি শুরু করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হঠাৎ করে এমন মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
