সিলেট

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২ নভেম্বর ২০২৬ · রাত ৮:১৭ · ১৮৪ ভিউ

সিলেটের কানাইঘাট সীমান্তে অস্ত্র উদ্ধার ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে একটি এয়ারগান, একটি ওয়াকিটকি সেট, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং চারটি গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের সিজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

এ ছাড়া সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫টি ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, বিভিন্ন ধরনের ২৮৮টি শ্যাম্পু, ৪০০টি পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করে।

অন্যদিকে, আমলশীদ ও জৈন্তাপুর বিওপির পৃথক অভিযানে তিনটি মহিষ ও একটি গরু জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ