সিলেট

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি বিজিবির

রাজু বিশ্বাস দুর্জয়
রাজু বিশ্বাস দুর্জয়
গোয়াইনঘাট প্রতিনিধি · রবিবার, ১ নভেম্বর ২০২৬ · রাত ১২:৪৮ · ১৯৮ ভিউ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলির ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল দলও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডিবির হাওর সীমান্তের ১৩৮৫ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। গুলির শব্দে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, সীমান্তের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল দলও ফাঁকা গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। চোরাচালান ও অবৈধ পারাপার ঠেকাতে সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

এদিকে, ঘটনার বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ