চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক অন্তঃসত্ত্বা নারীকে যাত্রার অনুমতি দেওয়া হয়নি। পরে ওই নারীর সঙ্গে থাকা পরিবারের আরও তিন সদস্যও স্বেচ্ছায় ফ্লাইটে না যাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে একই পরিবারের চার সদস্যের কারও লন্ডন যাওয়া হয়নি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে সিলেট ছাড়ার কথা ছিল একই পরিবারের চার যাত্রীর। তারা চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) যান।
এ সময় পরিবারের এক নারী নিজেকে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান। তবে গর্ভাবস্থায় বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত প্রত্যয়নপত্র তার কাছে ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাকে ফ্লাইটে যাত্রার অনুমতি দেয়নি।
এরপর ওই নারীর পরিবারের অন্য তিন সদস্যও তাকে রেখে লন্ডন না যাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে চার যাত্রীর কেউই বিজি-২০১ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করেননি।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ বলেন, “বিমানের নিয়ম অনুযায়ী ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা হলে চিকিৎসকের প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। ওই নারী যাত্রীর ২৫ সপ্তাহ পার হলেও তার কাছে চিকিৎসকের কোনো প্রত্যয়নপত্র ছিল না। যাত্রাপথে ঝুঁকির বিষয়টি বিবেচনা করে বিমানের ক্রুরা তাকে বহন করতে আপত্তি জানান।”
তিনি আরও বলেন, “প্রত্যয়নপত্র ছাড়া কোনো যাত্রীকে বহন করার পর যাত্রাপথে কোনো ধরনের জটিলতা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে। বিষয়টি যাত্রীদের বুঝিয়ে বলা হলে তারা তা উপলব্ধি করে নিজেদের যাত্রা বাতিল করেন।”
