সিলেট

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ২৯ কার্টন ওষুধ উদ্ধার, আটক ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রতিবেদক · শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ · রাত ৯:৫৮ · ১৮২ ভিউ

সিলেটের কোম্পানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা বিভিন্ন ধরনের ২৯ কার্টন ওষুধসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর নেতৃত্বে পুলিশের একটি দল বটতল গ্রামের মৃত লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় এসআই জগৎজ্যোতি ও পিএসআই অলিউল্লাহসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অভিযানকালে বাড়ির বারান্দায় রাখা ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা বিভিন্ন ধরনের ২৯ কার্টন ওষুধসামগ্রী উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার তারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।

এ বিষয়ে ওসি উছমান গনী জানান, অভিযানে দুজনকে আটক ও ২৯ কার্টন ওষুধসামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

সম্পর্কিত সংবাদ