সিলেট

মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:২৬ · ২৫২ ভিউ

হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম চৌধুরী (২০) ও হিমেল দাস (১৯) নামে দুই তরুণ নিহত হয়েছেন। এর মধ্যে চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম এবং দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হিমেল মারা যান।

দিরাই: সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হিমেল দাস (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জয় দাস (২০) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বিকেল ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল দাস দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে। আহত জয় দাস একই গ্রামের জহরলাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নুরুল হকের ছেলে তামিম মিয়া ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে করে দিরাই থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে, হিমেল দাস ও জয় দাস আরেকটি মোটরসাইকেলে করে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। ভরারগাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হিমেল ও জয় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাস মারা যান।

অন্য মোটরসাইকেলে থাকা তামিম মিয়া ও সাইফুল মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম চৌধুরী (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই তরুণ গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চৌধুরী চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার দুধপাতিল গ্রামের মাহি (১৯) ও বিলপাড় গ্রামের শুভ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তিন বন্ধু মিলে আমু চা-বাগানে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে রাত ১২টার দিকে একই মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিম চৌধুরীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহি ও শুভকে উন্নত চিকিৎসার জন্য রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পর্কিত সংবাদ