হবিগঞ্জ

অনুমোদনহীন বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৫ জনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ · রাত ৯:২৪ · ১৭২ ভিউ

হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া পরিচালিত বাণিজ্য মেলায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত চুনারুঘাট সরকারি কলেজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে পুলিশ, আনসার-ভিডিপি ও পৌরসভার সহযোগিতায় অভিযানটি চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার হৃদয় মিয়া (১৯), ছাতকের মাহবুবুর রহমান (৩৪), চুনারুঘাটের সাজু মিয়া (২১), শরিফ আহমেদ (২২) ও হবিগঞ্জের এবাদুর রহমান (২৬)।

প্রশাসন জানায়, সরকারি অনুমতি ছাড়া মেলা পরিচালনা না করতে আয়োজকদের আগেই সতর্ক করা হয়েছিল। সতর্কতা উপেক্ষা করে কার্যক্রম চালু রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেলার বিভিন্ন গেট ও দোকানের কাঠামোও অপসারণ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করা যাবে না। এ বিষয়ে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ