সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পাবেল আহমদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৯।
গ্রেপ্তার পাবেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
এসআরবি-৯ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে পাবেল আহমদের পূর্বপরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৩ মে বিকেলে আমুড়া বাঙ্গালীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহযোগী আব্দুর রহমানের সহায়তায় কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে রানাপিং বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, ওই বাড়িতে ২৪ ও ২৮ মে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে কিশোরী বিয়ের জন্য চাপ দিলে পাবেল বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির সামনের সড়কে নামিয়ে দিয়ে চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে কিশোরী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফুলবাড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি পাবেল আহমদকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ জানিয়েছে, গ্রেপ্তার পাবেল আহমদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
