সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজন বন্ধ অথবা বিকল্প স্থানে স্থানান্তর করে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘সিলেট টেপবল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’।
সংগঠনের সভাপতি রিপন কুমার দে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ স্বাক্ষরিত স্মারকলিপিতে মাঠটির ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, শাহী ঈদগাহ খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোর, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকার অসংখ্য খেলোয়াড় নিয়মিত এই মাঠে অনুশীলন করেন।
সম্প্রতি মাঠটিতে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ সময় মেলা চললে নিয়মিত খেলাধুলা ও অনুশীলন ব্যাহত হবে। পাশাপাশি মেলার কারণে মাঠের স্বাভাবিক পরিবেশ ও খেলাধুলার উপযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মেলা আয়োজনের সম্ভাব্য সমস্যার বিষয়ে সম্প্রতি স্থানীয় এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা মাঠটি খেলাধুলার জন্য সংরক্ষণের দাবি জানান।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। এগুলো হলো—শাহী ঈদগাহ খেলার মাঠে প্রস্তাবিত মেলা আয়োজন বন্ধ অথবা বিকল্প উপযুক্ত স্থানে স্থানান্তর করা এবং ভবিষ্যতে জেলার কোনো খেলার মাঠ দীর্ঘ সময় খেলাধুলার বাইরে অন্য কোনো কাজে ব্যবহার না করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।
সিলেট টেপবল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের খেলাধুলার সুযোগ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
