সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী মর্টার শেল সফলভাবে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বিশেষ প্রক্রিয়ায় শেলটি ধ্বংস করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় নয়াগাঙ্গেরপাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি দেখতে পায়। কৌতূহলবশত স্থানীয় কয়েকজন যুবক শেলটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করে। তবে শেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসী। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এরপর শেলটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সেনাবাহিনীতে খবর পাঠানো হয়।
পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের বিশেষ তত্ত্বাবধানে দুপুরে মর্টার শেলটি সফলভাবে ধ্বংস করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজ উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, উদ্ধারকৃত মর্টার শেলটি প্রথমে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। পরে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসে এটি নিষ্ক্রিয় বা ধ্বংস করে। এটি বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পরিত্যক্ত এই মর্টার শেলটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করলেও সেনাবাহিনীর সময়োচিত পদক্ষেপের ফলে বড় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
