মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত টমটম ধলাই নদীতে পড়ে গিয়ে চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ চালক প্রিতম এরিক (২৫) উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রী নামিয়ে টমটম নিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে গাড়িটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রিতম। এ সময় টমটমটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও নদীর স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে দুর্ঘটনাকবলিত টমটমটি উদ্ধার করা হয়। তবে চালকের সন্ধান না পাওয়ায় সিলেট থেকে বিশেষ ডুবুরি দল এনে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালককে উদ্ধারে ডুবুরি দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ চালকের সন্ধানে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ চালকের সন্ধান পাওয়া যায়নি।
