হবিগঞ্জ

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মহিলা গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ৩১ আগস্ট ২০২৬ · রাত ৮:১৩ · ১৫০ ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের শিবিরের ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর থানার গ্যারাগাঁও এলাকার মো. আজিজ মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৩৫) এবং একই এলাকার মো. আব্দুল সাত্তারের স্ত্রী মোছা. ইতি বেগম (৩০)।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার পত্তন ইউনিয়নের টানমনিপুর সাকিনস্থ বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া পাকা সড়কের শিবিরের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে তাদের তল্লাশি চালিয়ে ১০টি কালো ও নীল রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেটের ভেতর থেকে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ