সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে চুরি করার অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মালামালসহ বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, ১৫ আগস্ট দুপুরে সাইফুর রহমান নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষটি ভাড়া নেন। হোটেলে অবস্থানকালে তিনি প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরিধান করতেন, ফলে হোটেল কর্তৃপক্ষের মনে কোনো সন্দেহের উদ্রেক হয়নি।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির পোশাকের কাপড় দিয়ে তৈরি লোগোযুক্ত একটি বড় ট্রাভেল ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় হোটেলকর্মী ওবায়দুর মিয়া তার গন্তব্য জানতে চাইলে তিনি জরুরি কাজে বাইরে যাচ্ছেন এবং ফিরে আসবেন বলে কক্ষের চাবি কাউন্টারে রেখে দ্রুত চলে যান।
তার আচরণে সন্দেহ হওয়ায় হোটেল ম্যানেজার ওবায়দুর মিয়াকে সঙ্গে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে গিয়ে দেখা যায়, কক্ষের ভেতরে থাকা একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের আয়না (মিরর), একটি বেসিন সেলফ ও তোয়ালে উধাও। তাৎক্ষণিকভাবে বিষয়টি হোটেলের মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হয়।
পরবর্তীতে হোটেল মালিক ধাওয়া করে ছাতক থানার জাউয়া বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সাইফুর রহমানকে আটক করেন। পরে তাকে দিরাই থানায় সোপর্দ করা হলে পুলিশ তল্লাশি চালিয়ে তার ট্রাভেল ব্যাগ থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুর রহমান বিজিবি সদস্য সেজে চুরি ও প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
