বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও বাছাই করতে দুবাইয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল। এ সময় তারা বাংলাদেশ থেকে ট্যাক্সিচালক নিয়োগের আগ্রহের কথা জানায়।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কর্মরত। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী হিসেবে উল্লেখ করে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয় বলেও প্রতিনিধিরা জানান। এমনকি দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় কাজ করছেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে হবে এবং ন্যূনতম এসএসসি পাস হতে হবে। চাকরির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। প্রার্থীদের বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা ও এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানটি। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর আবাসন বাবদ নির্ধারিত অর্থ প্রতি মাসে বেতন থেকে কর্তন করা হবে।
অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্সের রঙিন ফটোকপি, জীবনবৃত্তান্ত বা বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।
