আন্তর্জাতিক

‘অনলি ফ্যানস’ মডেলদের বিরুদ্ধে কেন যুদ্ধ শুরু করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১৬ আগস্ট ২০২৬ · রাত ১১:৩০ · ১৭৮ ভিউ

‘প্রথাগত মূল্যবোধ’ প্রতিষ্ঠার নামে ‘অনলি ফ্যানস’ (OnlyFans) মডেল ও অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাশিয়ার সরকার। বিশেষ করে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রক্ষণশীল সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও তীব্র হয়েছে। এরই অংশ হিসেবে দেশজুড়ে ‘অনলি ফ্যানস’-এর মডেল, প্রযোজক ও ভিডিও নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

২০১৬ সালে যাত্রা শুরু করা ‘অনলি ফ্যানস’ বর্তমানে প্রাপ্তবয়স্ক বিনোদনকেন্দ্রিক কনটেন্টের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। রাশিয়ায় পর্নোগ্রাফি দেখা বা সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ নয়; তবে এর উৎপাদন ও বিতরণ বেআইনি। রুশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের (১৮ +) কনটেন্ট প্রকাশকারীদের ওপর নজরদারি বাড়িয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি উৎপাদনের অভিযোগে মামলাও হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে ডেইলি মেইল জানায়, জুলাইয়ে মস্কোর একটি আদালত ২১ বছর বয়সী সোফিয়া ভার্শিনিনাকে যৌন উত্তেজক ভিডিও তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করে। ‘সোনিয়া মার্মেলাদোভা’ নামে পরিচিত এই মডেল ‘অনলি ফ্যানস’ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিপুল অর্থ আয় করেছিলেন বলে অভিযোগ করে প্রসিকিউশন। তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়ার দাবি জানানো হলেও অপরাধ স্বীকার ও অনুশোচনা প্রকাশের পর আদালত তিন বছরের স্থগিত সাজা এবং প্রায় ৪৫ হাজার পাউন্ড জরিমানা করেন।

সোফিয়া ভার্শিনিনা। ছবি: সংগৃহীত

এ ছাড়া ২৪ বছর বয়সী আনাস্তাসিয়া ওভসিয়ানিকোভা, যিনি ‘নাস্তিয়া খোলোদ’ নামেও পরিচিত, পর্নোগ্রাফি তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাঁর সঙ্গে জার্মান প্রযোজক লুডভিগ ক্রিশকারকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁর বাসা তল্লাশি করে ভিডিও নির্মাণের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আরেক ‘অনলি ফ্যানস’ নির্মাতা ২৭ বছর বয়সী ডায়ানা শুরিগিনার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড হতে পারে। গত জুনে পুলিশ তাঁর বাসায় অভিযান চালিয়ে ক্যামেরা, যৌন উপকরণ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে। বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন।

ডায়ানা শুরিগিনা। ছবি: সংগৃহীত

এই অভিযানের নেতৃত্বে থাকা অন্যতম দৃশ্যমান মুখ হলেন ৪১ বছর বয়সী একাতেরিনা মিজুলিনা। তিনি রাশিয়ার ‘সেফ ইন্টারনেট লিগ’-এর প্রধান এবং প্রেসিডেন্ট পুতিনের সিভিক চেম্বারের সদস্য। ইন্টারনেটে কঠোর সেন্সরশিপের পক্ষে অবস্থানের জন্য তিনি পরিচিত। জুনে তিনি ২২ বছর বয়সী রিয়েলিটি টিভি তারকা আনাস্তাসিয়া ব্রাগিনার বিরুদ্ধেও অভিযোগ করেন। ব্রাগিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

আনাস্তাসিয়া ওভসিয়ানিকোভা। ছবি: সংগৃহীত

সমালোচকদের অভিযোগ, ‘প্রথাগত মূল্যবোধ’ রক্ষার কথা বলে রুশ সরকার অস্পষ্ট আইন প্রয়োগের মাধ্যমে বেছে বেছে নারী, অধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদেরও দমন করছে। অন্যদিকে সরকারের দাবি, এসব পদক্ষেপ রাশিয়ার সামাজিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষার প্রয়োজনেই নেওয়া হচ্ছে।

প্রাপ্তবয়স্ক শিল্পীদের সংগঠন এপিএজি-এর সভাপতি আলানা ইভান্স তখন রুশ নির্মাতাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন—রাজনীতি এক বিষয়, কিন্তু তারাও মানুষ।

সম্পর্কিত সংবাদ