জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান: সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ২৭ জুলাই ২০২৬ · বিকেল ৫:৫০ · ১৭৪ ভিউ

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ আবেদন জমা দেওয়া হয়।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। অভিযোগে সাবেক দুই রাষ্ট্রপতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান এ তথ্য জানান।

পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো এখনো তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি। তিনি জানান, একটি অভিযোগ বাংলাদেশ আজাদ পার্টি এবং আরেকটি রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে দাখিল করা হয়েছে।

রাষ্ট্রসংলাপ ফোরামের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের জন্য অভিযোগ দাখিল করা হয়েছে।

সংগঠনটি আরও দাবি করেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক। এ লক্ষ্যে তারা একটি তালিকাও জমা দিয়েছে। তালিকায় রয়েছেন ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর ও মারিয়া কিসপট্টা।

এ বিষয়ে ট্রাইব্যুনাল অভিযোগগুলো গ্রহণ করে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় কী সিদ্ধান্ত দেয়, সেদিকে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।

সম্পর্কিত সংবাদ