মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ চেকপোস্টে ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা
মৌলভীবাজার প্রতিনিধি:
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম জেলায় অব্যাহত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযান ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান তৎপরতা সৃষ্টি করেছে।
জানা গেছে, গত ১০ মে ২০২৬ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম-এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমার নেতৃত্বে জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও ডিবি পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
চেকপোস্ট কার্যক্রম চলাকালে যানবাহনে নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে। পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২৬৭টি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, গত ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সময়ে মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে, যার মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Leave a Reply