নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে দিনের বেলায় সড়কে রিকশার গতিরোধ করে ফিল্মী কায়দায় দুই শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। সচেতন মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা। নবীগঞ্জের পল্লী এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম বলে দাবি স্থানীয়দের।
ঘটনার পর থেকে শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দূর-দূরান্তে কর্মস্থলে যাতায়াতকারী শিক্ষিকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ এখনও কাউকে আটক করতে না পারলেও ছিনতাইকারীদের ধরতে অভিযান জোরদার করেছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
গত রোববার সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকা এবং উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৃথক এ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিনে একই কৌশলে সংঘটিত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার পথরোধ করে। এসময় তারা পিস্তল ও দেশীয় রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
অপরদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনের সড়কে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। পরে রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
শিক্ষিকা শিল্পী রানী পাল জানান, সকালে স্কুলে যাওয়ার পথে কোনো রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তিন যুবক মোটরসাইকেলে এসে পিস্তল ও রামদা দেখিয়ে তার গলার চেইন ও কানের দুল টেনে নিয়ে যায়। তিনি বলেন, মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও অন্য দুজনের মুখ খোলা ছিল। যাওয়ার সময় ছিনতাইকারীরা কাউকে বিষয়টি জানালে ক্ষতি করার হুমকিও দেয়। ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অপর শিক্ষিকা লাকী রানী দাস বলেন, স্কুলের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে তিন যুবক এসে রিকশার গতিরোধ করে। তাদের একজন রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দিনের আলোতে প্রকাশ্যে এমন ঘটনায় তিনি ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় শিক্ষক সমাজেও তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
Leave a Reply