খেলাধুলা

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১১ মার্চ ২০২৬ · রাত ৯:২৪ · ১৫২ ভিউ

শিপন আহমদ, সিডনি (অস্ট্রেলিয়া)
এশিয়ার নারী ফুটবলের বড় আসর এএফসি নারী এশিয়ান কাপ ঘিরে আন্তর্জাতিক আলোচনা সৃষ্টি করেছে ইরানের নারী ফুটবল দল। নিরাপত্তার আশঙ্কায় দলের পাঁচ খেলোয়াড়কে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ফাতেমেহ পাসানদিহ, জাহরা ঘাঁবারি, জাহরা সারবালি, আতেফেহ রামাজান জাদেহ এবং মোনা হামুদি অস্থায়ী মানবিক ভিসা পেয়েছেন।

জানা যায়, এএফসি নারী এশিয়ান কাপের প্রথম ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গাওয়ার ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়। দেশ ফিরে গেলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়া সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। পরে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাদের নিরাপদ স্থানে স্থানান্তর করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দলের অন্য সদস্যরাও চাইলে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন। ইতোমধ্যে বাকি দল সদস্যরা কুইন্সল্যান্ড পুলিশ ও ফেডারেল পুলিশের নিরাপত্তায় গোল্ড কোস্ট বিমানবন্দরে পৌঁছেছেন।

ক্রীড়া বিশ্লেষকেরা মন্তব্য করছেন, আন্তর্জাতিক মঞ্চে ক্রীড়াবিদদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়া সরকারের মানবিক সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের জন্য অনিশ্চয়তার কঠিন অধ্যায় শেষ হয়েছে।

সম্পর্কিত সংবাদ