সিলেট

কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ৭ নভেম্বর ২০২৬ · রাত ৮:১৮ · ১৭১ ভিউ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাথর পরিবহনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা বিকল করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় বারকি নৌকায় পাথর পরিবহনের প্রমাণ পাওয়া যায়। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত শ্রমিকরা নৌকা রেখে পালিয়ে যান। পরে পাথরবোঝাই ১০টি নৌকা বিকল করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও থানা পুলিশ অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পাথর উত্তোলন বা পরিবহন করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য ও কানাইঘাট থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ