সিলেট

শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:২৮ · ১৮২ ভিউ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় নির্ধারিত নতুন নীতি আপাতত কার্যকর হচ্ছে না। নতুন নীতি বাস্তবায়নের আগে আগের নিয়মেই মাজারের দানের সব অর্থ ব্যাংকে জমা থাকবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্স ও ডেগের টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়। এ সময় জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণনা কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, আপাতত আগের নিয়মেই মাজারের দানের অর্থ ব্যাংকে জমা রাখা হবে। এ অর্থ থেকে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ইউটিলিটি বিল এবং আনসার সদস্যদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

তিনি জানান, মাজারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক এবং একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এরপর প্রতিদিন দানের টাকা গণনার ব্যবস্থা চালু করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, নতুন ব্যবস্থাপনা কার্যকর হওয়ার আগে বর্তমান নিয়মে আরও একবার দানের অর্থ গণনা করা হতে পারে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন নীতি নির্ধারণ করা হয়। ওই নীতিতে দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যয় ও কর্মীদের বেতন-ভাতায় ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। উন্নয়নকাজের জন্য নির্ধারিত অর্থ সোনালী ব্যাংকের একটি হিসাবে জমা রাখার কথা রয়েছে।

তবে নতুন নীতি কার্যকর না হওয়া পর্যন্ত আগের নিয়মেই মাজারের দানের অর্থের ব্যবস্থাপনা চলবে।

সম্পর্কিত সংবাদ