সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:০৬ · ১৬৯ ভিউ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহজনিত উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হাম বা হাম সন্দেহে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টানা দুই দিন হাম ও হাম সন্দেহে মৃত্যুর পর মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিষয়টিকে স্বস্তিদায়ক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১১৮ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ৪৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। গত দুই দিনে বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ১১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন শনাক্ত হয়েছেন।

এদিকে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৬৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের।

সম্পর্কিত সংবাদ