মৌলভীবাজার

মৌলভীবাজারে চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা: ছাদিকের মৃত্যুদণ্ড, খালাস ৭

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ১২ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:২৫ · ১৭১ ভিউ

মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকায় চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাদিক মিয়ার বিরুদ্ধে ২০০৮ সালের ১২ জুন চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে সদর উপজেলার নারাইনপাশা এলাকার চায়ের দোকানদার দুরুদ মিয়া তার পাওনা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাদিক মিয়া ঘটনাস্থল থেকে চলে যান। পরে কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে মকবুল মিয়া আটজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেন আদালত।

অন্যদিকে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাত আসামি—তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, প্রকৃত আসামির দণ্ড নিশ্চিত হওয়ায় বাদীপক্ষের পাশাপাশি আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে।

সম্পর্কিত সংবাদ