সুনামগঞ্জ

জুয়া-মাদকসহ অপরাধ রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ছাতকের ইউএনওর

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · রবিবার, ৪ অক্টোবর ২০২৬ · রাত ৯:০০ · ১৬৮ ভিউ

জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি ও অপরাধপ্রবণতা রোধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের একটি অংশ নৈতিক অবক্ষয়, ডিজিটাল জুয়া ও নেশাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। তাই সন্তানদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (৪ অক্টোবর) ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আল-জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ইউএনও মো. মহিউদ্দিন বলেন, নতুন প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে সন্তানদের অনলাইন কার্যক্রমের ওপর অভিভাবকদের নজর রাখতে হবে। পাশাপাশি রাত্রিকালীন খেলাধুলা পরিহার করে সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করার বিষয়েও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান ও ইসলাম উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার নাজিম মাওলানা ফখরুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী কফিল উদ্দিন, আনছার উদ্দিন, হাজী শুকুর উদ্দিন, আব্দুন নূর, আব্দুল মোক্তাদির, আব্দুল কাদির, ফজলুর রহমান, হাজী বদরুল আলম, খাজিল মিয়া, ইউপি সদস্য ময়না মিয়া, ছালিক মিয়া, সিরাজ মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা শাহজামাল, মাওলানা এখলাছুর রহমান ও মাওলানা আব্দুল অদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সতীর্থ দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সিদ্দিকুর রহমান কামরানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আল-জালাল মহিলা মাদ্রাসার ৫৩০ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা এবং ৬০০ জন ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ