মৌলভীবাজার

বড়লেখায় বিএনপির তৃণমূলে মামলার উত্তাপ, আসামি ১৬, গ্রেপ্তার ৩

বড়লেখা প্রতিনিধি
বড়লেখা প্রতিনিধি
প্রতিবেদক · শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১০:১৫ · ১,২১৫ ভিউ

মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির তৃণমূলে পৃথক দুটি মামলা ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। হামলা, মারধর, আটকে রাখা এবং টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা এ দুই মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ১৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গত ২৪ সেপ্টেম্বর বড়লেখা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের চাচাতো ভাই রনীর ওপর হামলা, মারধর, আটকে রাখা এবং টাকা-মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন বড়লেখা উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মখলিছুর রহমান, পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মখলিছ আলী, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল আহাদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান ফাহিম, সাবেক সেক্রেটারি মনসুর আহমদ, পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়জুর রহমান, যুবদল নেতা আব্দুল্লাহ আল সাইদ, ছাত্রদল নেতা হোসাইন আহমদ, ফাহিম আহমদ, তানভীর আহমদ, হুমায়ুন রশিদ পিয়ান ও নাঈম আহমদসহ আরও কয়েকজন।

এ ছাড়া মুছেগুল গ্রামের মামুন আহমদ, এপলু আহমদ ও তোফায়েল আহমদ এবং পাখিয়ালা এলাকার কয়েছ আহমদকেও মামলায় আসামি করা হয়েছে।

এদিকে মামলার ঘটনায় কয়েছ আহমদকে সন্ধ্যায়, যুবদল নেতা ফাহিম আহমদকে রাতে এবং ছাত্রদল নেতা রাকিবকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মামলা দায়েরের পর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। কয়েকজন নেতাকর্মীর দাবি, রাজনৈতিক বিরোধের জেরে দলীয় নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে। তাদের অভিযোগ, ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও কয়েকজন নেতাকর্মীকে মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির সমাধান দাবি করেছেন তারা।

মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা আতিকুর রহমান বলেন, ‘একটি রাজনৈতিক চক্র মিথ্যা ও বানোয়াটভাবে আমাকে এবং আমার পরিবারকে রাজনীতি থেকে সরানোর জন্য এ কাজে লিপ্ত রয়েছে। আমার এলাকার অনেক নিরীহ মানুষ, পরিবারের সদস্য এমনকি আমার অসুস্থ বাবাকেও আসামি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে আমার ওপর হত্যা চেষ্টারও বিচার চাই।’

তবে মামলার অভিযোগ তদন্ত করছে পুলিশ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান পৃথক দুটি মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সম্পর্কিত সংবাদ