হবিগঞ্জ

বানিয়াচংয়ে পৃথক ঘটনায় দুই শিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:২০ · ১৭৩ ভিউ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক দুটি ঘটনায় আশরাফুল (১৩) ও ফারিয়া (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। কয়েকদিন পার হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোর সদস্যদের মধ্যে কান্নার রোল পড়েছে এবং তারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজ আশরাফুলের পরিবার জানায়, উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজলিশপুর বন্দের বাড়ির সফুল মিয়ার ছেলে আশরাফুল গতকাল দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। আত্মীয়-স্বজন ও পরিচিত সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, একই উপজেলার দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিয়া গত দুই-তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। স্কুল ও বাড়িতে যাওয়ার পথে বা অন্য কোথাও তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, কোনো অঘটন বা প্রলোভনে পড়ে শিশুরা হারিয়ে যেতে পারে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিখোঁজ শিশুদের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাদের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, ছবি দেখে কেউ যদি এই শিশুদের সন্ধান পান বা কোথাও তাদের দেখেন, তবে দ্রুত নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে-আশরাফুলের সন্ধানে: ০১৭২৯৪৩৯২২, ফারিয়ার সন্ধানে: ০১৭৫১৯৭৩১২৯।

নিখোঁজ শিশু দুটির দ্রুত সন্ধান পেতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তাদের স্বজনরা।

সম্পর্কিত সংবাদ