সিলেট

সৌদি আরবে রুমমেটের ছুরিকাঘাতে কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রতিবেদক · বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১২:০৩ · ১১৬ ভিউ

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটের কোম্পানীগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরব সময় রাত আনুমানিক ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহত মোহাম্মদ মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তাঁর তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন মতিউর রহমান। কয়েক দিন আগে ঘুমানোর জায়গা ও রান্নাবান্নাকে কেন্দ্র করে রুমমেটদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটিও হয় বলে পরিবারের সদস্যরা জানান।

সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফেরার পর ওই বিষয় নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে এক রুমমেট রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে মতিউর রহমানকে আঘাত করেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্বজনদের দাবি।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর একই বাসায় থাকা অন্য তিনজন সেখান থেকে চলে যান। তবে ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর রহমান স্বভাবের দিক থেকে অত্যন্ত শান্ত ছিলেন। কয়েক দিন আগে রুমমেটদের সঙ্গে ঝামেলার বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। সোমবার থেকে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে একই রুমে থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন স্বজনরা।

আশরাফুল ইসলাম খোকন বলেন, “মতিউরের মৃত্যুর ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে সংবাদ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

সম্পর্কিত সংবাদ