সিলেট

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১০:৫৯ · ১৪০ ভিউ

সিলেটের বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলের বাসায় হামলা, মারধর, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি করেন। থানার মামলা নম্বর ১১। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি শামীম আহমদ ওরফে ‘চাক্কু শামীমকে’ প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন—বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সহসভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ, প্রচার সম্পাদক পারভেজ আহমদ, যুবলীগ নেতা রাজন আহমদ অপু, নিষিদ্ধ ছাত্রলীগের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয়, কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, ওয়াজিবুল মিয়া, হেলাল, আইদিদ আহমেদ, আবু আহমেদ তালহা, নাইম আহমদ ও আব্দুল হক কুতুব।

এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর শহরের টিএন্ডটি রোডের নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাসায় অনধিকার প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় বকুল আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলার সময় বাসায় থাকা একটি আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া প্রায় দুই লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পাঁচ দিন পর সোমবার রাতে মামলাটি করা হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত সংবাদ