প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ বি(১) ও ৩ বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ প্রদান ও দায়িত্ব অর্পণ করেছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে এই নিয়োগ প্রদান করায় জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সরকার গঠনের ছয় মাস পর গতকাল শুক্রবার মন্ত্রিসভার আকার বেড়েছে। নতুন পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন; আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। গতকাল রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। এর মধ্যে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
