মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা থানার বিশেষ অভিযানে জিআর-৪৮/২৬ (বড়) ও সিআর-৩৪০/২২ (বড়) মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি জইন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় সুহেদ আহমদ (২৮), মুজিবুর রহমান বিলু (৪২), তয়াইদ আলী (৪৫) ও জাকির হোসেন (৩৬) নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবার বাড়ি বড়লেখা উপজেলার মহদীকোনা এলাকায়।
অন্যদিকে, গত ২১ আগস্ট রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে বড়লেখা থানাধীন ঘোলসা এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগস্ট বড়লেখা থানায় মামলা করা হয়। মামলার পর এজাহারনামীয় আসামি শাহিন আহমদ (৩০) ও সাইদুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শাহিন আহমদ উপজেলার তারাদরম বটথল এলাকার আলাউদ্দিনের ছেলে এবং সাইদুল ইসলাম ঘোলসা এলাকার মৃত ইশাদ আলীর ছেলে।
পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার সাত আসামিকে শনিবার (২২ আগস্ট) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
