হবিগঞ্জের চুনারুঘাটে ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা রাস্তার পাশের একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে কয়েকজন শ্রমিক ধান কাটতে যাওয়ার সময় জমিতে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা চুনারুঘাট থানায় খবর দিলে এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আহম্মদ আলী সুজন উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই এবং ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
