প্রবাস

লন্ডনে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

এম আলী হোসেন
এম আলী হোসেন
লন্ডন প্রতিনিধি · বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৬:৩৫ · ১৬৪ ভিউ

যুক্তরাজ্যের লন্ডনে পৃথক পৃথক সমাবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। ৫ আগস্ট (সোমবার) লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্য বিএনপি, ‘৩৬শে জুলাই’ ব্যানারে জামায়াতে ইসলামী এবং এনসিপি অ্যালায়েন্স ইউকে এই সমাবেশের আয়োজন করে।

ঐতিহাসিক এই দিনটি স্মরণে লন্ডনের স্থানীয় সময় দুপুর থেকেই প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আলতাব আলী পার্ক। এদিন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের পাদদেশে বিশাল সমাবেশ আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে সংহতি প্রকাশ করেন।

এদিকে, পার্কের অপর প্রান্তে ‘৩৬শে জুলাই’ ব্যানারে সমাবেশ করে জামায়াতে ইসলামী। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত বিজয় ও স্বৈরাচারী সরকারের পতনের দিনটিকে স্মরণ করে তারা এই বিশেষ ব্যানারে কর্মসূচি পালন করে। সমাবেশে আগতরা শহিদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও সংহতিমূলক বক্তব্য প্রদান করেন।
একই স্থানে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পর শহীদ মিনার প্রাঙ্গণের পাদদেশে সমাবেশ শুরু করে এনসিপি অ্যালায়েন্স ইউকে (NCP Alliance UK)। তারা আলাদাভাবে আলোচনার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ও আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

একই দিনে এবং একই স্থানে পৃথক পৃথক দলের এই সমাবেশগুলোকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভিন্ন ভিন্ন ব্যানারে কর্মসূচি পালিত হলেও সবার কণ্ঠেই ছিল জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।

সম্পর্কিত সংবাদ