জাতীয়

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ২৭ জুলাই ২০২৬ · বিকেল ৫:৩৯ · ১৬০ ভিউ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় বর্তমানে নয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও অনেকে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৬১ জন নিহত হন। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, খসড়া প্রতিবেদনে শেখ হাসিনা, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

তিনি আরও জানান, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে খসড়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন। প্রতিনিধি দলে মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের অভিযোগ দাখিলের মধ্য দিয়ে বহুল আলোচিত শাপলা চত্বরের ঘটনায় বিচারিক কার্যক্রম নতুন ধাপে প্রবেশ করল। এখন অভিযোগ গ্রহণ ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সম্পর্কিত সংবাদ